হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের কোম প্রদেশের সাধারণ সংস্কৃতি পরিষদের ষষ্ঠ অধিবেশনে এ কথা বলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হামিদ মালেকি। হজরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে অনুষ্ঠিত জাতীয় কোরআন প্রতিযোগিতাকে কেন্দ্র করে আয়োজিত এই অধিবেশনে উপস্থিত ছিলেন হজরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ সাঈদি, কোম প্রদেশের গভর্নর এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সমাজে কোরআনভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের আয়োজন তখনই গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করতে পারবে, যখন তা সাময়িক কর্মসূচির গণ্ডি পেরিয়ে সারা বছর কোরআনভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্র তৈরি করবে।
তিনি পারিবারিক ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে পবিত্র কোরআনের কেন্দ্রীয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, যেসব ক্ষেত্রে কোরআনের শিক্ষার প্রয়োগ সবচেয়ে বেশি প্রয়োজন, তার অন্যতম হলো পারিবারিক পরিবেশ। কারণ, পারিবারিক সম্পর্কের দুর্বলতা, মতবিরোধ বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন ছিন্ন হওয়াসহ বহু সামাজিক সমস্যা ও অবক্ষয় নৈতিক, আধ্যাত্মিক ও শিক্ষাগত ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে প্রতিরোধ ও হ্রাস করা সম্ভব।
কোমের হাওজা ইলমিয়ার এই উপপরিচালক আরও বলেন, পরিবারগুলোতে কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্কের সংস্কৃতি প্রতিষ্ঠিত হলে এবং দৈনন্দিন জীবনে এর শিক্ষা ও আদর্শের প্রতি গুরুত্ব দেওয়া হলে, জীবনসংগ্রাম ও বিভিন্ন সংকট মোকাবিলায় পরিবারগুলো সঠিক পথ বেছে নিতে পারবে। পাশাপাশি নিজেদের সমস্যা সমাধানে ধর্মীয় শিক্ষার সক্ষমতা ও নির্দেশনা কাজে লাগাতে পারবে।
কোমে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজনের সুযোগ কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মালেকি বলেন, এই আয়োজনকে সমাজে কোরআনভিত্তিক কর্মসূচি সম্প্রসারণের সূচনা ও একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে হাওজা ইলমিয়া, মসজিদ, সাংস্কৃতিক কেন্দ্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিবার ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাজে কোরআনভিত্তিক একটি ধারাবাহিক কার্যক্রম গড়ে তোলা। এই কার্যক্রম যেন শুধু প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সময় কিংবা কয়েকটি কোরআনি মাহফিল আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে; বরং সারা বছর অব্যাহত থেকে ধর্মীয় সংস্কৃতির বিকাশ, পারিবারিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং সামাজিক অবক্ষয় হ্রাসে কার্যকর ভূমিকা পালন করে।
পরিশেষে কোমের হাওজা ইলমিয়ার উপপরিচালক কোরআন প্রতিযোগিতার সক্ষমতা ও সুযোগকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানোর জন্য সাংস্কৃতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি এমন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান, যার মাধ্যমে এই আয়োজনের সুফল ও অর্জন সাধারণ মানুষ এবং পরিবারগুলোর দৈনন্দিন জীবনে বাস্তবায়িত হতে পারে।
আপনার কমেন্ট